১০ দফা বাস্তবায়ন

ফের আন্দোলনের হুঁশিয়ারি বুয়েট শিক্ষার্থীদের

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০২:০৭ এএম

১০ দাবির সব দ্রুত বাস্তবায়ন না হলে ফের আন্দোলনে নামা হবে বলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসনকে হুঁশিয়ার করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে ১০ দফা দাবি জানানো হয়েছিল, তার মধ্যে ৮টি বাস্তবায়ন হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান।

বুয়েট শিক্ষার্থীদের ১০ দাবি হলো– খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, দ্রুত বিচার নিষ্পত্তি, চার্জশিটের কপিসহ অফিশিয়াল নোটিস দিতে হবে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, র‌্যাগ প্রদানকারীদের ছাত্রত্ব বাতিল করতে হবে, আহসানউল্লা ও সোহরাওয়ার্দী হলে হওয়া আগের ঘটনাগুলোতে জড়িত সবার ছাত্রত্ব বাতিল করতে হবে, বুয়েটের হলগুলোর প্রতি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে ও শেরেবাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে। শেরেবাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা ছাড়া শিক্ষার্থীদের আর কোনো দাবি মানা হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েট শিক্ষার্থী মাহমুদ রহমান সায়েম ও অন্তরা তিথি। তারা জানান, আবরার ফাহাদ হত্যার পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে। তারা বলেন, আমরা মাঠ পর্যায়ের কর্মসূচি তুলে নিয়েছি ১৩ দিন পার হয়ে গেছে। এখনো দাবির সবগুলো পূরণ করা হয়নি। আমরা চাই প্রশাসন অতি সত্বর দাবিগুলো বাস্তবায়ণ করবে। বুয়েটের কল্যাণেই দাবিগুলো বাস্তবায়ন করা উচিত। প্রশাসন সদিচ্ছা পোষণ করলেও তাদের মধ্যে সমন্বয়হীনতা এখনো রয়ে গেছে। সময় ইতিমধ্যে অনেক গড়িয়েছে, প্রশাসন তৎপর হলে এই সময়ের মধ্যে আরও অনেক অগ্রগতি হতো। প্রয়োজনে আমরা সব সাধারণ শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে আবারও আলোচনায় বসতে তৈরি আছি।

আন্দোলনকারী শিক্ষার্থী অন্তরা তিথি গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের ১০টি দাবির মধ্যে মাত্র ২টি দাবি বাস্তবায়ন করেছে প্রশাসন। এখনো ৮টি দাবি বাস্তবায়ন করেনি। অতি দ্রুত সেগুলোও পূরণ করার দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত