ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার এসএম শিবলী নোমানকে বদলি করা হয়েছে। তাকে পার্বত্য চট্টগ্রামের নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়।
ডিএমপি সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে মতিঝিলের ক্লাবপাড়ার ক্যাসিনো থেকে শিবলী নোমান ঘুষ নিতেন। ওই সময় তিনি মতিঝিল বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার ছিলেন। ক্যাসিনোকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় গত ৬ অক্টোবর মতিঝিল বিভাগ থেকে তাকে ডিবিতে বদলি করা হয়েছিল। ডিএমপির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনজনের ক্যাসিনো থেকে ঘুষ নেওয়ারও তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন কর্মকর্তাকে এর আগে ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।
