পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০২:৩৫ এএম

বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার ১৪৪১ হিজরি সনের রবিউল আউয়াল মাসের প্রথম দিন। সে হিসেবে আগামী ১০ নভেম্বর রবিবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান।

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক নিজাম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ (মঙ্গলবার) চাঁদ দেখা গেছে। কাল (বুধবার) ১ রবিউল আউয়াল এবং আগামী ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে।’

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত (মৃত্যু) দিবস ১২ রবিউল আউয়াল সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এক পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করা হয়। এ দিন বাংলাদেশে সরকারি ছুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত