খেলার চেয়ে বড় হতে চেয়েছিলেন সাকিব: রমিজ রাজা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১১:৫০ এএম

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসানের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তার মতে, এই শাস্তি ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদদের জন্য ভালো একটি শিক্ষা।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের এই শাস্তির ঘোষণা দেয় আইসিসি।

আইসিসি জানায়, ২০১৮ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিন বার সাকিবের কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসে। কোনোবারই এ বিষয়ে আইসিসিকে কিছু জানাননি এই অলরাউন্ডার।

নিয়ম অনুযায়ী, ম্যাচ পাতানোর প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। প্রতিটি সিরিজের আগে ক্রিকেটারদের ক্লাস নিয়ে এ নিয়ম মনে করিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের শাস্তি সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের নিষেধাজ্ঞা।

এই নিয়মের বরখেলাপ করায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো সাকিবকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এই শাস্তিটাকে যথার্থই বলছেন রমিজ রাজা।

এ ব্যাপারে তারকা এই ধারাভাষ্যকার টুইটারে লিখেছেন, “সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা সকল ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদদের একটি শিক্ষা। আপনি যদি খেলাটাকে অবজ্ঞা করেন, নিয়মকানুন পাশ কাটিয়ে খেলার চেয়ে বড় হওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অসাধারণ একটি পতনের জন্য আপনি প্রস্তুত থাকুন! এমনটা দুঃখজনক।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত