বিএনপির কি আর ইস্যু নেই: তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১০:৪১ পিএম

খালেদা জিয়ার দুর্নীতির কথা গোপন করে তার স্বাস্থ্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই আবর্তিত এবং বরাবরই তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করে আসছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ প্রশ্ন রাখেন, ‘তাদের (বিএনপির) কি খালেদা জিয়ার আর্থরাইটিসের ব্যথা অর্থাৎ পুরোনো স্বাস্থ্য সমস্যা ছাড়া আর কোনো ইস্যু নেই?’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া যে দুর্নীতির দায়ে ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামি, সেটি গোপন করার চেষ্টা করে তার স্বাস্থ্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত। এটি তাদের রাজনৈতিক দৈন্যরই পরিচয়।’

দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ অভিযান যে অব্যাহত থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী তা গতকাল (মঙ্গলবার সংবাদ সম্মেলনে) বলেছেন। আমার মনে হয় না, এ ব্যাপারে আমার বাড়তি কিছু বলার প্রয়োজন আছে।’

ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি ক্রীড়াঙ্গনের সেখানেই থাক। তবে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, সাকিবের শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে।’

প্রচার উপ-কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রচার উপ-কমিটির উপ-সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত