এমসিসি কমিটি থেকে সাকিবের পদত্যাগ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০১:২৭ এএম

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোয় আন্তর্জাতিক ও সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞা এবং আরও ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিষিদ্ধ হওয়ার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন সাকিব। কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই কমিটিতে সাকিবকে হারানো দুঃখজনক। গত কয়েক বছর ধরে এখানে তিনি অনেক অবদান রেখেছেন। ক্রিকেট স্পিরিটের অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি, এটা সঠিক সিদ্ধান্ত ছিল।’ ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি স্বাধীন কমিটি। যেখানে সারা বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়াররা এর সদস্য হয়ে থাকেন। ক্রিকেটে নিয়ম সম্পর্কিত নানা ইস্যু নিয়ে বছরে দুইবার সভায় মিলিত হয় এই কমিটি। সাকিব আল হাসান এই কমিটির সঙ্গে ২০১৭ সালের অক্টোবরে যুক্ত হন। পরবর্তী সময়ে সিডনি এবং বেঙ্গালুরুতে কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত