সাকিবের দুর্দান্ত ফেরার আশায় সতীর্থরা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০২:২১ এএম

সাকিব আল হাসান শুধু একটা নাম নয়। তিনি বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন। তাই আইসিসির নিষেধাজ্ঞার কারণে সব ধরনের ক্রিকেট থেকে তার ১২ মাসের নির্বাসন শোকাচ্ছন্ন করেছে দেশের ক্রীড়াঙ্গনকে। সতীর্থরা মর্মাহত। খেলার মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, জয় ছিনিয়ে আনা মাশরাফী বিন মুর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর বিশ্বাসই হচ্ছে না আগামী এক বছর দলে থাকবেন না সাকিব।

পঞ্চপাণ্ডবের সংহতিতে ভাঙন ধরেছে যেন। একজন ছিটকে গেলেন অপ্রত্যাশিত আঘাতে। তবে এই বিচ্ছিন্নতা সাময়িক বলেই মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী। ফেইসবুক পেজে নতুন আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালও আশাবাদী দুর্দান্তভাবে আবার মাঠে ফিরবেন সাকিব। নিচের টুইটারে বন্ধুকে নিয়ে তিনি  লিখেছেন, ‘এটা কল্পনা করাই কঠিন যে আমরা আগামী ১২ মাস একসঙ্গে খেলব না। সাকিব আল হাসান– আমি আশা করি তুমি দুর্দান্তভাবে ফিরে আসবে। পরের বছর সেই দিনটা আসবে যখন আমরা একসঙ্গে আবার খেলব এবং অনুশীলন করব।’

পঞ্চপাণ্ডবের আরেকজন মুশফিকুর রহিম। শোকাহত সাবেক অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘১৮ বছর ধরে সাকিবের সঙ্গে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ওকে ছাড়া খেলতে হবে এটা ভেবেও খারাপ লাগছে। আশা করি সাকিব চ্যাম্পিয়নের মতোই ফিরে আসবে। আমার সমর্থন সব সময় তোমার সঙ্গে রয়েছে। পুরো দেশ তোমার সঙ্গে রয়েছে বন্ধু।’ ভারত সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘সাকিব না থাকাটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই। ওর সঙ্গে অনেক বছর ধরে খেলছি। অবশ্যই তাকে মিস করব। কারণ সে আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার, তাকে ছাড়া খেলা অবশ্যই কঠিন। সবার কাছে দোয়া চাচ্ছি সে যেন মানসিকভাবে শক্ত হয়ে আবার ফিরে আসে। সবাই ওর পাশে থাকবেন।’

সাকিব নিষিদ্ধ হওয়ায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক এখন মাহমুদউল্লাহ। ভারতে যাওয়ার আগে তিনি বলেছেন, ‘অবশ্যই সাকিবকে মিস করব। সে বাংলাদেশ দলের অনেক বড় এক অংশ। সবাই ওর জন্য ব্যথিত। জানি সে আমাদের দলের জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে একটা ভুল করেছে, অপরাধ করেনি। ওর প্রতি আমাদের সমর্থন থাকবে। তাকে আমরা আগের মতোই ভালোবাসব।’

সাকিবের সমসাময়িক খেলোয়াড় আরাফাত সানি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে সাকিব আমাদের বেস্ট প্লেয়ার এবং দীর্ঘদিন ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ও থাকলে হয়তো আমার বোলিংয়ের জন্য খুব ভালো হতো, অনেক টিপস নিতে পারতাম ওর কাছ থেকে। আর যেহেতু সে দীর্ঘদিন ধরে আইপিএলে খেলেছে, তাই সেখানকার (ভারত) প্রায় সব উইকেটে সে খেলেছে। ওগুলো সম্পর্কে ওর ভালো ধারণা আছে। তাই ও থাকলে আমার জন্য বাড়তি পাওয়া হতো। সাকিবকে আমরা অবশ্যই অনেক মিস করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত