এমপি হারুনের জামিন বহাল মুক্তিতে বাধা নেই

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০২:৫৬ এএম

দুর্নীতির মামলায় বিচারিক আদালতে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির সংসদ সদস্য হারুনুর রশিদকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ বিষয়ে কোনো আদেশ দেয়নি (নো অর্ডার)। ফলে হাইকোর্টের ওই আদেশ বহাল রয়েছে এবং হারুনের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সর্বোচ্চ আদালতে হারুনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

খন্দকার মাহবুব হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের আদেশটি বহাল রয়েছে। এখন তার (হারুনুর রশিদ) বিরুদ্ধে নতুন কোনো মামলা না দিলে কারামুক্তিতে কোনো বাধা নেই। যদি দুদক লিভ টু আপিল করে তাতেও যথেষ্ট সময় লাগবে। এর মধ্যে জামিনের নথিপত্র কারাগারে পৌঁছে যাবে এবং তিনি কারামুক্ত হবেন।’

শুল্কমুক্ত আমদানি সুবিধায় গাড়ি কিনে তা বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদকের করা মামলায় গত ২১ অক্টোবর হারুনুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৪। পরে দণ্ড থেকে খালাস চেয়ে আপিল ও জামিন চেয়ে হারুনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের একটি একক বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পাশাপাশি বিচারিক আদালতে তাকে দেওয়া ৫০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত করে তার আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

হারুনুর রশিদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে ২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ওই বছর ১৮ জুলাই হারুনসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। একই বছর ২০ আগস্ট তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়।

রায়ে হারুনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ওই গাড়ি বেচাকেনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং পলাতক অন্য আসামি গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত