আলোচিত-সমালোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বুধবার সংস্থাটি বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার একক বা যৌথ নামে পরিচালিত সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে। ফলে এসব হিসাব থেকে আর কোনো লেনদেন করা যাবে না।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশ রূপান্তরকে জানান, গতকাল দুপুরের পর বিএফআইইউ থেকে আজিজ মোহাম্মদ ভাইয়ের হিসাব জব্দের চিঠি পেয়েছেন তিনি।
এর আগে গত রবিবার রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অভিযানের সময় দুজনকে আটক করা হয়। ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানিটোলায় জন্ম নেওয়া আজিজ মোহাম্মদ ভাই তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনার পাশাপাশি সিনেমা প্রযোজনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং ও সিঙ্গাপুরে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা রয়েছে বলে জানা গেছে। ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাদের মধ্যে আজিজ মোহাম্মদ ভাই অন্যতম। এ ছাড়া চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরী হত্যার পরও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আজিজ মোহাম্মদ ভাই এখন থাইল্যান্ডে বসবাস করেন বলে জানা গেছে।
ইফা ডিজি আফজালের হিসাব তলব : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মো. আফজালের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের খোঁজ করা হচ্ছে। এই তালিকায় থাকায় সামীম মো. আফজালের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো চিঠিতে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ পাঠাতে বলা হয়েছে। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মো. আফজাল গত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে দুই দফায় তিনি ইফার ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
