মানবতাবিরোধী অপরাধ

আজহারের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না জানা যাবে আজ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৩:০৪ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের দণ্ড বহাল থাকবে কি না, তা জানা যাবে আজ বৃহস্পতিবার। ওই রায়ের বিরুদ্ধে আজহারের করা আপিলের রায় আজ ঘোষণা করবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য ১ নম্বরে রয়েছে।

গত ১০ জুলাই আপিলের ওপর উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ রাখে সর্বোচ্চ আদালত। আদালতে আজহারের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৮ জুন আজহারের আপিল শুনানি শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এবং শুনানি শেষ হওয়া এটি দশম মামলা, যা রায়ের পর্যায়ে এলো।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত আলবদর বাহিনীর রংপুরের জেলা কমান্ডার ছিলেন এ টি এম আজহার। রংপুরে গণহত্যার অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ ছাড়া তার বিরুদ্ধে একাত্তরে রংপুর অঞ্চলের অসংখ্য নারীকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এ অভিযোগে তাকে ২৫ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি ওই সময় নির্যাতনের আরেকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়। ওই রায় থেকে খালাস চেয়ে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে আপিল করেন আজহার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত