জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে 'বেআইনি' বলল চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এমন মন্তব্য করেন।
আগস্টের শুরুতে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।
ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি সরকারিভাবে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যাত্রা শুরু করেছে।
আগের দিনই চীনা মুখপাত্র গেং শুয়াং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারি ভাবে জম্মু কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে, তার মধ্যে চিনের কিছু অংশ পড়ছে।’
তিনি আরও বলেন, ‘চীন দৃঢ়ভাবে ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছে। এটা বেআইনি এবং এটা কোনোভাবেই কার্যকরী হবে না। এই সিদ্ধান্ত কাশ্মীরকে পরিবর্তন করতে পারবে না, কারণ এর কিছু অংশ চীনের নিয়ন্ত্রণরেখার মধ্যে।’
তবে চীনের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ নাক গলাক, এটা ভারত কখনো চায় না।’
