রাজনৈতিক কারণেই বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সাজা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিচারকের এই রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে তার সাজার রায় বাতিলের দাবিও জানাই।’
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় আদালতকে ব্যবহার করে সাজা দেওয়ায় আবারও প্রমাণিত হলো দেশে নাৎসিবাদ এখন নগ্নরূপে আত্মপ্রকাশ করেছে। এ রায় একদলীয় নব্য বাকশালেরই বহিঃপ্রকাশ। বিএনপি এ রায়ের তীব্র নিন্দা, ড়্গোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ফরমায়েশি এ কারাদণ্ডাদেশ বাতিলের দাবি জানাচ্ছে।’
রিজভী বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসকদের বসিয়ে রাখেন না। বরং তিনি প্রতিদিন সকালের দিকেই রেডি হয়ে যান ইনসুলিন নিতে, চিকিৎসা নিতে, তিনি চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকেন। কিন্তু চিকিৎসকরা দুপুর ১২টা থেকে ১টার আগে তার কেবিনে যান না।’
