‘শিশির’ নিয়ে চিন্তিত শচিন

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০১:৩৪ এএম

প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট খেলতে যাচ্ছে ভারত। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। তবে ভারতে রাতের দিকে শিশির নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন তিনি। শচিনের মতে, যতক্ষণ শিশির থাকবে না ততক্ষণ খেলা ভালোভাবেই এগোবে। কিন্তু শিশির পড়া শুরু করলেই বোলারদের জন্য কাজ অনেক কঠিন হয়ে উঠবে।

ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে শচিন বলেন, ‘এটা অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু আমার মনে হচ্ছে শিশির এই উদ্যোগকে ব্যর্থতায় পরিণত করে দিতে পারে। কারণ রাতের দিকে বল ভেজা থাকলে গ্রিপ করা কঠিন হবে। তখন সিমার বা স্পিনার যেই হোক না কেন বল সুইং করানোই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। শুধুমাত্র এক দিক থেকে বোলারদের চ্যালেঞ্জিং সময় পার করতে হবে। তবে শিশিরের সমস্যা না থাকলে এই উদ্যোগটা খুবই ভালো।’

তবে ডে-নাইট টেস্টকে ভারতীয় ক্রিকেট পাগল সমর্থকদের জন্য দারুণ কিছু বলে জানালেন শচিন। আগে টেস্টে দর্শক কম হতো, তবে এখন টেস্টে পূর্ণ গ্যালারি আশা করছেন তিনিÑ ‘ভারতীয় ক্রিকেটের জন্য এটি নতুন দিক এনে দিয়েছে। এদেশে ক্রিকেটের সমর্থক অনেক। সবই এখন আগ্রহ নিয়ে টেস্ট দেখবে। দিনের কাজ শেষে সবাই মাঠে আসতে পারবে এবং দিনের খেলার একটা বড় অংশ দেখতে পারবে। খেলোয়াড়দের জন্যও এই নতুন বিষয়টির সঙ্গে পরিচিত হওয়া দারুণ হবে।’

আগামী ২২ নভেম্বর কলকাতায় নিজেদের ইতিহাসে প্রথম ডে-নাইট টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত