সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৩:১৪ এএম

বৈরী আবহাওয়ার কারণে ছয় মাসের বেশি বন্ধ থাকার পর গতকাল শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এদিন টেকনাফ উপজেলার দমমিয়া জেটিঘাট থেকে তিনটি জাহাজে প্রায় এক হাজার পর্যটক সেন্টমার্টিন যান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের  (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সকালে এফবি ফারহান ক্রুজ ৩৮০ জন, আটলান্টিক ক্রুজ ৩১১ জন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ৩০৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনে পৌঁছায়। বিকেলে জাহাজগুলো যাত্রী নিয়ে টেকনাফে পৌঁছায়। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের জন্য প্রতি বছর অপেক্ষা করেন পর্যটকরা। শীত মৌসুমে প্রতিদিন কয়েক হাজার পর্যটকের সমাগম হয় নীল জলরাশির এ দ্বীপে। তিনি বলেন, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, দ্য আটলান্টিক ক্রুজ ও এফবি ফারহান ক্রুজ নামে তিনটি জাহাজ অনুমতি নিয়ে চলাচল শুরু করেছে। ধারণক্ষমতার বাইরে কাউকে যাত্রী বহন করতে দেওয়া হবে না। ভাড়ার তালিকা টানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান জানান, সাগর কিছুটা উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এতদিন জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত রয়েছে। গতকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।

গত ৩০ অক্টোবর জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব জাহাজ চলাচলে অনুমোদন দেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, সকালে পর্যটকবাহী তিনটি জাহাজ দ্বীপে পৌঁছায়। বর্তমানে জেটি ও পন্টুনের অবস্থা খুব খারাপ। বিষয়টি নিয়ে টেকনাফ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপন করা হলেও জেলা পরিষদ থেকে জেটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত