অনেক দিন আগেই হারিয়ে গিয়েছিল ইউরোপের নবজাগরণের শিল্পী সিমাবুর আঁকা বিখ্যাত শিল্পকর্ম ‘যিশুকে পরিহাস’-এর আটটি প্যানেলের একটি। ত্রয়োদশ শতকের ইতালিয়ান এই শিল্পীর আঁকা আলোচিত শিল্পকর্মের ওই প্যানেলটি কিছু দিন আগে পাওয়া গেছে প্যারিসের এক বৃদ্ধার রান্নাঘরে। পরে সেটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ডভাঙা দামে। শিল্পকর্মটির কদর না বোঝা অর্থনৈতিকভাবে অসচ্ছল ওই নারী এখন কোটি কোটি টাকার মালিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে ওই শিল্পকর্মটি প্যারিসে এক নিলামে ২৪ মিলিয়ন ইউরো বা ২২৫ কোটি ৭১ লাখ টাকায় বিক্রি হয়েছে; যা নবজাগরণের আগের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ দাম। আর সিমাবুর আঁকা কোনো শিল্পকর্ম এই প্রথম নিলামে বিক্রি হলো।
খবরে বলা হয়েছে, নিলামে ২৬ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ২০ সেন্টিমিটার প্রস্থের ওই চিত্রকর্মটির ভিত্তি মূল্য ছিল প্রথমে সাড়ে ১৯ মিলিয়ন ইউরো। খবরে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে উদ্ধার হওয়া ছবিটি ৯০ বছর বয়সী ওই নারীর রান্নাঘরের চুলার ওপরেই ছিল। প্যারিসের সেনলিস এলাকার ওই নিলাম ঘরের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীকে বিক্রি মূল্যের বেশির ভাগই দেওয়া হবে। সংবাদমাধ্যমকে ওই নারী জানিয়েছেন, তিনি এত দিন ভেবেছেন চিত্রকর্মটি ধর্মীয় অনুভূতির সাধারণ কোনো কাজ।
সিমাবুর আঁকা ‘যিশুকে পরিহাস’ বিখ্যাত ওই কোলাজ শিল্পকর্মটির দুই খণ্ড আছে নিউ ইয়র্ক ও লন্ডনের দুই জাদুঘরে।
ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া সিমাবু ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ একটি কৌশল অবলম্বন করতেন। তিনি প্রথম চিত্রের সীমানা খোদাই করতেন। তা যদি মানুষের হতো তবে তার শরীরের নিচ অংশে থাকত সবুজের প্রলেপ, আর পার্থক্যের সৃষ্টি করতেন কমলা-গোলাপি রঙে। গোলাপির ফাঁক গলে ফুটে উঠত সবুজের আভা।
