৫৫ বছরে পা রাখলেন শাহরুখ খান। ভক্তদের জন্য দিনটা খুবই আনন্দের। শনিবার প্রথম প্রহর হতেই তারা ভিড় করেন কিং খানের বাংলো মান্নাতের সামনে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নায়কের বান্দ্রার বাড়ির সামনে হাজার হাজার ভক্ত হাজির হন। যদি এক নজর শাহরুখকে দেখা যায়- এই ছিল তাদের মনে।
বরাবরের মতো শাহরুখ হাজির হন বারান্দায়। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। উড়ন্ত চুমু ছুড়ে দেন। তাকে দেখেই ভক্তদের উল্লাস বেড়ে যায়।
শুক্রবার রাতে মুম্বাইয়ে ছিল ভারী বৃষ্টি। কিন্তু ভক্তদের ভালোবাসার কাছে কোনো কিছুই বাধা হয়ে থাকতে পারে না।
তবে এবারের জন্মদিনে শাহরুখ বড় কোনো আয়োজন রাখছেন না। পরিবারকে সময় দেবেন বলে জানান তার স্ত্রী গৌরী খান।
বলিউডে শাহরুখের ক্যারিয়ার আড়াই দশকের। এই সময়ের মধ্যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বেশ কিছু আইকনিক ছবি আছে তার ঝুলিতে। সাম্প্রতিক বছরগুলোতে পরপর কয়েকটি সিনেমা ভালো না চললেও শাহরুখের ‘সুপারস্টার’ ইমেজ আগের মতোই বহাল রয়েছে।
সম্প্রতি ডেভিড লেটারম্যানকে দেওয়া সাক্ষাৎকারে এই নায়ক বলেন, “শাহরুখ খান একটা মিথ, একটা ধারণা, এমন এক আত্মা যা মরে যেতে অস্বীকার করে।” সত্যিই তো তাই। তার স্টারডাম অপ্রতিরোধ্য।
সর্বশেষ ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাইয়ের ছবিটি ফ্লপ হওয়ার পর নতুন কোনো ছবির ঘোষণা দেননি এই নায়ক। তবে বড় ও ছোট পর্দার জন্য প্রযোজনা করেছেন নিয়মিত। শোনা যাচ্ছে, জন্মদিনেই আসবে শাহরুখের নতুন ছবির ঘোষণা।
