আফগানিস্তান ও কাতারের বিপক্ষে হারলেও মাঠে লড়াকু বাংলাদেশকেই দেখেছে সবাই। ভারতের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে পয়েন্টও ছিনিয়ে নেয় জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে এবার বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। টেবিলের ওপরের দিকে থাকা দলটার বিপক্ষে জয়ের স্বপ্নই দেখতে চায় বাংলাদেশ দল।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে রবিবার রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ দল। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। কথা রয়েছে ৯ নভেম্বর একটি প্রস্তুত ম্যাচও খেলার। আর সে কারণেই একটু আগে ভাগেই যাচ্ছে টিম বাংলাদেশ।
দলের প্রধান কোচ জেমি ডে সহ বিদেশি কোচিং স্টাফরা ছুটিতে। অধিনায়ক জামাল ভূঁইয়াও রয়েছেন স্পেনে। শনিবার লা লিগার ম্যাচে সেখান থেকে ধারাভাষ্য দেবেন তিনি। জেমি ডে, জামাল সহ ছুটিতে থাকা কোচিং স্টাফদের ছাড়াই রবিবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। জেমি, জামালরা ওমানে দলের সঙ্গে দেবেন সোমবার।
এদিন বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসার ও খেলোয়াড়দের পক্ষে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা কথা বলেন।
রানার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ‘আমরা ওমানে ভালো খেলা এবং পয়েন্টের জন্যই যাব। কাতার এবং ভারতের বিরুদ্ধে ভালো খেলে আমাদের এই আত্মবিশ্বাস এসেছে। ফিটনেস ভালো থাকলে আশা করি ওমানের বিপক্ষে ভালো করতে পারব।’
কাজটা কঠিন সেটি স্বীকার করে নিলেন রানা, ‘ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তা ছাড়া ওরা নিজেদের মাঠে খেলবে। কাতার ম্যাচে আমরা যেমন নিজেদের মাঠে খেলার সুবিধা পেয়েছিলাম, ওমানও তাই পাবে। তবে আমরা জিততেই যাচ্ছি।’
ওমানের বিপক্ষে দলে একটি পরিবর্তন এসেছে। আবাহনীর মিডফিল্ডার জুয়েল রানার পরিবর্তে সুযোগ পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মিডফিল্ডার রাকিব হোসেন। ম্যানেজার রুপু জানান, কোচের চাওয়া অনুযায়ী এই পরিবর্তন।
এদিকে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বাহরাইনে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৯ আসরের স্কোয়াডেও থাকছেন। যে কারণে তিনি দলের সঙ্গে যোগ দেবেন ১২ নভেম্বর।
জাতীয় দলের বেশ কিছু ফুটবলার ব্যস্ত ছিলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে। স্বাভাবিকভাবেই টানা খেলার ক্লান্তিতে তারা। সহকারী কোচ কাইসার জানালেন বিষয়টি মাথায় রাখছেন তারা, ‘ওমানে আমরা যে ট্রেনিং প্ল্যানিংটা করব সেখানে এই বিষয়টি মাথায় রেখেই করা হবে। যারা টানা খেলার মধ্যে আছে তাদের আমরা পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখব।’
‘ই’ গ্রুপে ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের। পাঁচ দলের গ্রুপে জামালরা সবার তলানিতে। অন্যদিকে ওমান ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।
ওমান ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, নবীব নেওয়াজ জীবন, আনিসুর রহমান (গোলরক্ষক), মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোঃ ইব্রাহিম, আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রবিউল হাসান, আরিফুর রহমান ও রাকিব হোসেন।
