দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা। আগে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ ১১৫-১২০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ১০৫ টাকায়। কমেছে মিয়ানমার ও দেশি পেঁয়াজের দাম।
বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, এখানে সব ধরনের পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০৫, মিসরের পেঁয়াজ ১০০, মিয়ানমারের পেঁয়াজ ১১০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ২-৩ দিন আগে ভারতীয় পেঁয়াজ ১১৫-১২০, মিয়ানমারের পেঁয়াজ ১২০ ও দেশি পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হয়েছিল।
হিলি বাজারের বিক্রেতা মনির হোসেন বলেন, বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়ায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে বলে শোনা যাচ্ছে। এসব কারণে দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন উর রশীদ বলেন, পেঁয়াজ আমদানি বিষয়ে ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
