অধ্যক্ষকে চ্যাংদোলা করে পুকুরে ফেলল ছাত্রলীগ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৩:২২ এএম

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে চ্যাংদোলা করে ক্যাম্পাসের পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অধ্যক্ষের দাবি, ‘অনৈতিক’ দাবিদাওয়া না মানায় তাকে পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন।

এদিকে অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  গতকাল রাতে মহানগর ছাত্রলীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে  ছয় সদস্যের একটি তদন্ত কমিটি  গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।    

অধ্যক্ষ ফরিদ উদ্দীন দেশ রূপান্তরকে  বলেন, ‘দুপুর দেড়টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে কার্যালয়ে যাচ্ছিলাম। ছাত্রলীগের কয়েকজন পথ আটকে বলে, স্যার, কথা আছে। একটু পুকুরের দিকে আসেন। যেতে না চাইলে তারা আমাকে চ্যাংদোলা করে পানিতে ফেলে পালিয়ে যায়।’ দুজনের মুখ বাঁধা ছিল। বাকিদের চিনলেও নাম বলতে চাননি তিনি।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে ছাত্রলীগের ছেলেরা অনৈতিক দাবিদাওয়া নিয়ে আসত। না মানায় আমার ওপর ক্ষুব্ধ ছিল। আজ (গতকাল) ক্লাসে উপস্থিতি কম থাকায় দুজনের ফরম পূরণ হয়নি। এ বিষয়ে সকালে ছাত্রলীগের কয়েকজন এলে তাদের আমি বিভাগীয় প্রধানের কাছে যেতে বলি। তখনই তারা আমাকে নিয়ে অশালীন মন্তব্য করে। আমিও রাগারাগি করি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার সঙ্গে দুপুরে দুর্ব্যবহার করল। সাঁতার না জানলে হয়তো আজই মৃত্যু হতো।’

পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন বলেন, ‘অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়া দুঃখজনক। এতে ছাত্রলীগের ছেলেরা জড়িত কি না নিশ্চিত নই। খতিয়ে দেখছি, কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, সৌরভকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে রাতেই পাঠানো হয়েছে। সেই সঙ্গে রাজশাহী পলিটেকনিক  ইনস্টিটিউট ছাত্রলীগের  কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে।

নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তাফা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত