সম্মেলনে বিদেশিদের আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৩:৫১ এএম

আগামী বছরের মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের অতিথিরা বাংলাদেশে আসবেন। এ কারণে আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাবে না দলটি। গতকাল শনিবার আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা উপ-পরিষদের সভায় কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এসব তথ্য জানান।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় তিনি বলেন, যেহেতু আগামী বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয় রয়েছে, সেখানে আমরা বছরজুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাব। তাই সম্মেলনে আলাদা করে কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে দেশেই বিভিন্ন দূতাবাসে যারা রয়েছেন তারা থাকবেন। নাসিম বলেন, শত প্রতিকূলতার মধ্যদিয়ে আওয়ামী লীগ আজ এ অবস্থায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বের গুণে সারা বিশ্ব এখন তাকে চেনে। সামনের চ্যালেঞ্জকে গ্রহণ এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের শক্তির উৎস৷ এ ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন৷

এসময় বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের ওপর যে তাণ্ডব চালিয়েছে, অপকর্ম করেছে তার ফল এখন তারা ভোগ করছে। পাপের ফল ভোগ করছে, পাপ বাপরে ছাড়ে না।

সভায় অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য সচিব ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের গত সম্মেলনে ৫০ জনেরও বেশি বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। ২০২১ সালে মুজিববর্ষ পালন করব আমরা। সেখানে অনেক বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। যার কারণে ২১তম জাতীয় সম্মেলনে কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না৷

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, কামরুল ইসলাম, রিয়াজুল কবির কাওছার, মোহাম্মদ আবু আব্বাস ভুঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত