বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১২:৪৪ পিএম

ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন সুবিধা পারেনি ভারত। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছিল ড্রয়ে। বাংলাদেশের বিপক্ষে সেই ব্যর্থতা ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু করতে চায় তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অতিথি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত। ম্যাচটিতে নেই স্বাগতিক দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে তার জায়গায় নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।

কোহলির পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় পেসার জাসপ্রীত বুমরাহ ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও পাচ্ছে না টিম ইন্ডিয়া।

রোহিত এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে’র। দেখা যেতে পারে ক্যারিয়ারে একটি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সঞ্জু স্যামসনকে। অনুশীলনে দীর্ঘ সময় নেটে কাটাতে দেখা গেছে তাকে।

ওপেনিংয়ে নামবেন অধিনায়ক রোহিত ও শিখর ধাওয়ান। কোহলির জায়গায় তিন নম্বরে দেখা যেতে পারে সঞ্জু বা লোকেশ রাহুলকে। শ্রেয়াস আয়ার থাকবেন চারে। আর উইকেটকিপারের দায়িত্ব পালনের পাশাপাশি পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামতে পারেন রিশাভ পন্ত।

তারুণ্যনির্ভর ভারত দলের পেস আক্রমণে মূল দায়িত্ব দেখা যেতে পারে শারদুল ঠাকুর বা খলিল আহমেদকে। একাদশে জায়গা পেতে পারেন দীপক চাহারও। স্পিন আক্রমণে যুজবেন্দ্র চাহালের বা রাহুল চাহারের পাশাপাশি দেখা যাবে অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। থাকছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াও।

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পন্ত (উইকেটরক্ষক), শিভম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল/রাহুল চাহার, দীপন চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত