মুখ খুললেন ইয়ামি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:১৬ এএম

বলিউডের মিষ্টিমুখের অভিনেত্রী ইয়ামি গৌতম। প্রথম সিনেমা ‘ভিকি ডোনার’-এ আয়ুষ্মান খুরানার বিপরীতে সাবলীল অভিনয় করে নজর কাড়েন। এরপর বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এরমধ্যে রয়েছে অজয় দেবগনের সঙ্গে ‘বাদশাহ’, বারুন ধাওয়ানের সঙ্গে ‘বাদলাপুর’, পুলতিক সম্রাটের সঙ্গে ‘সানাম রে’, হৃতিক রোশানের সঙ্গে ‘কাবিল’। আবারও ফিল্ম ক্যারিয়ারের প্রথম নায়ক আয়ুষ্মানের বিপরীতে ‘বালা’ সিনেমার মাধ্যমে পর্দায় আসতে যাচ্ছেন ইয়ামি। সিনেমার পাশাপাশি ফেয়ার অ্যান্ড লাভলীর টিভিসির জন্য সারা বছর এই তারকা থাকেন দর্শকের সামনে। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি খুব একটা হন না। এবার নতুন সিনেমার প্রচারণায় তাকে পেয়ে যান সাংবাদিকরা। বলিউডে অনেকদিন ধরে বর্ণবৈষম্য নিয়ে কথা উঠেছে। বিশেষ করে অনেক তারকা তাদের ভক্তদের ঠকাবেন না বলে ফেয়ারনেস ক্রিমের টিভিসি করা থেকে বিরতে আছেন। কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলীর টিভিসিতে নিয়মিতই দেখা যাবে ইয়ামির মুখ। এ প্রসঙ্গে এতদিন অনেক সমালোচনা শুনলেও মুখ খোলেননি তিনি। তবে সম্প্রতি জুম টিভির সাক্ষাৎকারে সাংবাদিক রুদ্রানীর প্রশ্ন তিনি এড়িয়ে যেতে পারেননি। ইয়ামি বলেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলী জনপ্রিয় ব্র্যান্ড। এর বিজ্ঞাপনে রং ফর্সা হওয়ার মতো কথা থাকে ঠিকই, কিন্তু ভক্তদের ঠকানো হয় না। ব্র্যান্ডটি একেবারে বাজে হলে এতদিন মানুষ তা কিনত না।’

এ ধরনের টিভিসি কেন করছেন জানতে চাইলে ইয়ামি বলেন, ‘আমি তখন কোনো ফিল্মস্টার ছিলাম না। শোবিজে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছিলাম। তখনই এত বড় ব্র্যান্ড থেকে টিভিসির অফার পাই। সেটি দর্শক পছন্দ করায় তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া। আমি বেশ বড় একটি সময়ের জন্য এই ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই আমি চাইলেই এটি যখন তখন ছেড়ে দিতে পারি না।’ তিনি যুক্ত করে আরও বলেন, ‘তাছাড়া ক্যারিয়ারের শুরুতেই আমার এমন কোনো পজিশন ছিল না যে আমি কর্তৃপক্ষকে তাদের টিভিসির ট্যাগ লাইন বা গল্প পাল্টে দিতে বলতে পারি। কিন্তু এখন আমার আলাদা গ্রহণযোগ্যতা হয়েছে। তাই এ নিয়ে আমি কথাও বলেছি। বেশ কিছুদিন হলো- আমার টিভিসিতে এমন কোনো গল্প বা বার্তা দেওয়া হয় না যা থেকে দর্শক সরাসরি ঠকতে পারেন।’

ইয়ামি আরও বলেন, ‘একটা সময় দেখানো হতো, ফেয়ার অ্যান্ড লাভলী মাখলে একটি মেয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারবে। এখন তেমন কোনো বার্তা থাকে না। আমি নিজেও এটা বিশ^াস করি না। তাই ‘বালা’র মতো সিনেমা করেছি। এখানে আমার অভিনয়ের কারণই হলো বর্ণবৈষম্য নিয়ে আমার মতামত কী তা প্রকাশ করা। আশা করি সিনেমাটি দেখলে দর্শক আমার পয়েন্ট অব ভিউ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত