এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৩:১৯ এএম

নানা সময়ে আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরের টিআর শাখায় সংযুক্ত করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় নির্বাচনের আগে গত বছরের ২ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছরের ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করেন। দুই দফা মিলিয়ে চার বছর গাজীপুরে ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত