রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগে ভারতের পুরোপুরি সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে পাঠানো বার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, রাখাইনের আশ্রয়চ্যুত মানুষজনকে দ্রুত নিরাপদ ও টেকসইভাবে ফেরানোর ব্যাপারে সবারই উদ্বেগ রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও এটি প্রয়োজন।
মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি নাগরিককে আশ্রয় দেওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ সরকারের প্রশংসা করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে অধিকতর প্রয়াসের ব্যাপারে দুই দেশ একমত হয়েছে বলে তখন যৌথ বিবৃতিতে জানানো হয়। তবে যৌথ বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা হয়নি; বলা হয়েছে ‘মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে আশ্রয়চ্যুত মানুষজন’। গতকালের বিবৃতিতেও ‘রোহিঙ্গা’ শব্দের পরিবর্তে একই শব্দ উল্লেখ করল দেশটি।
