এটা কেবলই জয় নয়। পাহাড় পরিমান চাপ থেকে মুক্তি পাওয়ার দারুণ এক উপলক্ষ। কিন্তু খর্ব শক্তির দল নিয়েও ভারতকে হারানোর পরও উল্লাসে তেমন মাতামাতি দেখা গেল না বাংলাদেশ দলের মাঝে। ম্যাচ শেষে জয়ের নায়ক মুশফিকুর রহিমের মন্তব্য, এখনই উল্লাস নয়। তাদের নজর এখন সিরিজ জয়ে!
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারায় টাইগাররা। তিন বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা।
বাংলাদেশ দলের যে অবস্থা তাতে ভারতের বিপক্ষে এমন জয়ে উল্লাসের বাড়াবাড়ি হলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু উদযাপনে সে পর্যায়ে যাননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।
৪৩ বলে আট চার ও এক ছক্কায় অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার জেতা মুশফিক সাংবাদিকদের বলেন, “জয় তো জয়ই। এখনও দুইটা ম্যাচ আছে। এখনও সিরিজও জিতি নাই। আরও একটা ম্যাচ জিতে যদি সিরিজটা জিততে পারি তাহলে ইনশাল্লাহ আরও ভালো উদযাপন করব।”
“আমরা এখানে প্রতিটা ম্যাচে লড়াই করতে এসেছি। প্রতিদিন একটু একটু করে উন্নতি করা আমাদের মূল লক্ষ্য। অবশ্যই আরেকটি জয়ের দিকে আমরা তাকিয়ে আছি। সেটা হতে পারে পরের ম্যাচেই।”
সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার রাজকোটে মুখোমুখি হবে দল দুটি। তাতে জয় পেলেই এক ম্যাচ হারে রেখেই সিরিজ জয়ের আনন্দে মাতবে লাল-সবুজ দল।
