দিল্লিতে বায়ুদূষণ নিয়ে আলোচনা হয়েছে অনেক। বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি এ কারণে পণ্ড হওয়ার শঙ্কাও ছিল। শেষ পর্যন্ত অবশ্য দূষণ এবং রোহিত শর্মার ভারতকে জয় করেছে টাইগাররা। এগিয়ে গেছে তিন ম্যাচের সিরিজে। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি রাজকোটে। এই ম্যাচেও প্রকৃতির চোখ রাঙানি। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘মহা’। আরব সাগরের ওপর অবস্থান করছে অত্যন্ত শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে তা গুজরাট উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও পড়বে ‘মহা’র প্রভাব। আবহাওয়ার পূর্বাভাস, দুই রাজ্যেই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুরাট, আহমেদাবাদ, রাজকোট ও ভাদোদরাসহ গুজরাটের বেশ কয়েকটি শহর এতে প্রভাবিত হবে। ফলে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হতে যাওয়া ম্যাচটি পণ্ড হতে পারে।
×
