ঢাকা লিট ফেস্টের নবম আসর শুরু বৃহস্পতিবার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)।  নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কথা জানান ঢাকা লিট ফেস্টের আয়োজকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌, কাজী আনিস আহমেদ ও আহসান আকবর। এ ছাড়া টাইটেল স্পনসর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল, বাংলাভাষী লেখক শংকর। সঙ্গে থাকছেন বাংলাদেশের কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন। এছাড়াও অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচএম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ অনেকে। লিট ফেস্টে ৯০টিরও বেশি সেশন অনুষ্ঠিত হবে। থাকবে বইয়ের সমারোহ, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার উন্মুক্ত মঞ্চ। বই প্রকাশ এবং বইয়ের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হবে এই আয়োজনে।

লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ বলেন, 'আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগামী বছর ঢাকা লিট ফেস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করা হবে। আর এ বছর জাতির জনককে নিয়ে থাকছে বেশ কয়েকটি সেশন।'

উৎসবের প্রথম দিন দেওয়া হবে সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার। দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’। প্রদর্শন শেষে চলচ্চিত্র নির্মাতা পিপলু খান বলবেন এর নির্মাণ অভিজ্ঞতা নিয়ে। এ ছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জি তার চলচ্চিত্র নিয়ে আলাপে অংশ নেবেন।

উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে। সবার  জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করতে হবে এই ঠিকানায়: https://www.dhakalitfest.com/register.

বিশেষ বক্তাদের সম্পর্কে জানতে ক্লিক করতে হবে https://www.dhakalitfest.com/2019 এ ঠিকানায়।

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পনসর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজপেপার বাংলা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পনসর সিটি ব্যাংক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলা একাডেমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত