এবার হ্যাকারের কবলে পড়ে ফেসবুক আইডি হারালেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সুজানা জানিয়েছেন, সম্প্রতি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় তিনি থানায় জিডিও করেছেন।
১৬ অক্টোবর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পরের দিন (১৭ অক্টোবর) মিরপুর মডেল থানায় সুজানা জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নম্বর ১৬৪৫। জিডিতে সুজানা উল্লেখ করেছেন, অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অসাধু ব্যক্তিরা আমার আইডি হ্যাক করেছে। তদন্ত করে দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
সুজানা জানিয়েছেন, হ্যাক হওয়া আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট বা ছবি যদি প্রকাশিত হয়, ভক্ত ও শুভানুধ্যায়ীরা যেন সেসব এড়িয়ে যান।
এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তারাও আইডি ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন।’
২০০৩ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন সুজানা। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয় করেছেন টিভি নাটকেও।
