জীবনের কোন পর্যায়ে গিয়ে কখন কার চরম উপলব্ধি হয় তা বোঝা মুশকিল। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের ক্ষেত্রেও তাই ঘটেছে। প্রেম, ভালোবাসা আর সম্পর্ক নিয়ে শেষ পর্যন্ত তাহসান নতুন উপলব্ধি অর্জন করলেন। একটি ভালো সম্পর্ক কীভাবে আলাদা হয়ে যায়, তিক্ততা ছড়ায় জীবনে তাও হয়তো দেখা হয়ে গেল তার। দীর্ঘ বিচ্ছেদের পর একদিন আবার নতুন উপলব্ধি হবে তাহসানের। সেই উপলব্ধিকে কেন্দ্রে রেখেই নতুন নাটক নির্মাণ করছেন সাগর জাহান।
গল্পে দেখা যাবে, একই এলাকায় বেড়ে ওঠা, তারপর প্রেম। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। আর এ কারণে দুজন আলাদা হয়ে যান। এমন একটি গল্পে অভিনয় করেন তাহসান খান ও মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘মেঘ মিলন’। দয়াল সাহার রচনায় এটি তৈরি করেছেন সাগর জাহান।
নির্মাতা বলেন, ‘পরিবার ও মা-বাবা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে এতে। প্রথমে প্রেম তারপর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা। সাত বছর পর যখন দেখা হয়, তখন নতুন কিছু উপলব্ধি হবে তাদের।’
দুই পরিবারের গল্প নিয়ে সদ্য শুটিং হওয়া ‘মেঘ মিলন’ শিগগিরই এটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।
