স্যান্ড্রা বুলক। হলিউডের মেধাবী এই অভিনেত্রী ড্রামা, কমেডি ও অ্যাকশন সব চরিত্রেই মানানসই। ক্যারিয়ারের তিন দশকে নিজেকে বারবার প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও মনোযোগ দিয়েছেন তিনি। নতুন খবর হলো ‘বোহিমিয়ান র্যাপসডি’খ্যাত প্রযোজক গ্রাহাম কিং-এর সঙ্গে জোট বাঁধতে চলেছেন স্যান্ড্রা। জিকে ফিল্মসের সঙ্গে সহ-প্রযোজক হয়ে কাজ করবেন। তারা তৈরি করছেন ‘ফরগিভেন’ শিরোনামের একটি সিনেমা, যা নেটফ্লিক্সে প্রকাশিত হবে। এই সিনেমায় অভিনয়ও করবেন স্যান্ড্রা। এর কাহিনী নতুন নয়। ২০০৯ সালে এই কাহিনীর ওপর ভিত্তি করেই আইটিভি তিন পর্বের মিনি সিরিজ নির্মাণ করে, যা একাধিক চ্যানেলে প্রচার হয়। সিনেমাটির হাল ধরবেন নবীন নির্মাতা নোরা ফিংসিডেড। এমনও বলা হচ্ছে, ‘ফরগিভেন’ স্যান্ড্রাকে ফিরিয়ে আনবে অস্কার দৌড়ে। মূল কাহিনী লিখেছেন স্যালি ওয়াইনরাইট। যেখানে রুথ সø্যাটার নামে এক নারীর কাহিনী তুলে ধরা হয়েছে, যা স্যান্ড্রা বুলকের সাম্প্রতিক আমেরিকান সুইটহার্ট অবতারের চেয়ে ভিন্নধর্মী। তার চরিত্র একজন আসামির, যে সহিংস অপরাধের জন্য ১৫ বছর জেল খেটে বের হয়। বাড়ি ফিরেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমাজ তাকে ক্ষমা করতে চায় না। সবাই তার অতীত অপরাধ নিয়ে তিরস্কার করছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় ঘর ছাড়তে বাধ্য হওয়া ছোট বোনকে খুঁজে বের করা। এর জন্য আবার ঘর ছাড়ে রুথ। টিভিতে চরিত্রটি অভিনয় করেন সুরান জোনস। এবার তার জুতায় পা গলাবেন স্যান্ড্রা বুলক।
ধারণা করা হচ্ছে, এই চ্যালেঞ্জিং চরিত্র স্যান্ড্রাকে আবার অস্কারের প্রতিযোগিতায় ফেরত আনবে। সেই লক্ষ্যে ২০২১ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আগেই মুক্তি পাবে সিনেমাটি। প্রায় এক দশক আগে ‘দ্য ব্লাইন্ড সাইড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন স্যান্ড্রা। আর সাত বছর আগে ‘গ্র্যাভিটি’র জন্য সর্বশেষবার মনোনয়ন পান। এবারের রুথ চরিত্রে অনেক পরত রয়েছে, ডার্ক থিমের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য। আর ব্রিটিশ মিনি সিরিজ থেকে গল্পটি নতুন করে বুনছেন অস্কারবিজয়ী পরিচালক-চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককুয়ারি।
‘বোহিমিয়ান র্যাপসডি’ ছাড়াও প্রযোজক গ্র্যাহাম কিং-এর ঝুলিতে আছে একাধিক বক্স অফিস সফল ও পুরস্কারের মঞ্চে শোরগোল তোলা সিনেমা। এর মধ্যে অন্যতম আরগো ও দ্য ডিপার্টেড। পরিচালক ফিংসিডেডের অভিষেক হয় ‘সিস্টেম ক্র্যাশার’-এর মাধ্যমে। সেপ্টেম্বরে বার্লিন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়। সেখানে স্বর্ণ ভালুক পুরস্কার জেতেন তরুণ এই নির্মাতা। সামনের অস্কারেও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
স্যান্ড্রা বুলকের সঙ্গে নেটফ্লিক্সের ‘ফরগিভেন’ প্রথম কাজ নয়। বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফরমটিতে প্রদর্শিত হচ্ছে এই অভিনেত্রীর ‘বার্ড বক্স’। হরর সিনেমাটি পরিচালনা করেছেন একাধিক পুরস্কারজয়ী সুসান বিয়ার। জশ ম্যালারমানের পোস্টÑ অ্যাপোক্যালিপ্টক উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় স্যান্ড্রা অভিনয় করেছেন সন্তানদের জীবন বাঁচানোর জন্য লড়ে চলা এক নারীর ভূমিকায়। যখন পৃথিবীর মুখোমুখি হয় এক অতিপ্রাকৃত ক্ষমতাধারী প্রাণীর, যারা এই প্রাণীকে দেখবে তারাই মারা পড়বে। বেশ হইচই করে সিনেমাটি মুক্তি পেলেও ততটা সাড়া ফেলতে পারেনি। সেই সিনেমার মুক্তির এক বছর ‘অনফরগিভেন’-এর ঘোষণা এলো। মাঝে খবর আসে আমাজনের একটি মিউজিক্যাল ড্রামা সিরিজে অভিনয় করবেন স্যান্ড্রা, যা নির্মিত হবে এই নায়িকার বেড়ে ওঠার গল্পের অনুপ্রেরণায়। পরে অবশ্যই এই নিয়ে তেমন কথা শোনা যায়নি।
