ওয়ানডে ৪ ইনিংসে খেলার পরামর্শ শচিনের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:১২ এএম

এশিয়া অঞ্চলে ওয়ানডে ক্রিকেট মানেই দিবা-রাত্রির খেলা। বেশি দর্শক পাওয়ার জন্য আয়োজকরাও এটাই চান। এতে একটা বড় সমস্যা আছে, তা হলো শিশির। রাতে শিশিরের কারণে বল পিচ্ছিল হয়ে যায়। ফলে স্পিনার বা পেসারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়। ফলাফল যে দল পরে ব্যাট করে তাদের জেতার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য একটি প্রস্তাব রেখেছেন শচিন টেন্ডুলকার। তার পরামর্শÑ একদিনের খেলায় এখন থেকে একদল ৫০ ওভার নয় দুইবারে ২৫ ওভার করে ব্যাট করুক।
২০০৯ সালে একবার একই প্রস্তাব রেখেছিলেন শচিন টেন্ডুলকার। সে সময় আইসিসি তার পরামর্শকে আমলে নেয় কিন্তু বাস্তবায়ন করা হয়নি। এতদিন পর আবারও সেই বিষয়টি নিয়ে আলোচনা তুললেন সাবেক ভারত ব্যাটসম্যান। এক দল ৫০ ওভার দুই ভাগে খেললে কোনো দলেরই শিশিরের জন্য বিপদে পড়তে হবে না। তাছাড়া ২৫ ওভার করে দুই দল ব্যাট করার পর নতুন করে পরিকল্পনা সেট করতে পারবে প্রতি দল। এই নতুন পদ্ধতি মাঠে দর্শকও টেনে আনবে বলে মনে করেন শচিন।
এই পদ্ধতিতে নিয়মটা জানাতে গিয়ে শচিন বলেন, ‘আগেই যেমন আমি বলেছিলাম পঞ্চাশ ওভারের ক্রিকেটকে একটু সংশোধন করা উচিত। এখানে ২৫ ওভার করে একটি ইনিংস হতে পারে। ১৫ মিনিটের বিশ্রামসহ। মোট চারটি ইনিংস হবে। ধরে নেওয়া যাক, এ দল ও বি দলের মধ্যে খেলা। এ দল টস জিতে আগে ব্যাট করল ২৫ ওভার। পরে বি দল খেলল ২৫ ওভার। পরে ২৬তম ওভার থেকে এ দল যে কয় উইকেট হারিয়েছে তার পর থেকে আবার ইনিংস শুরু করল। তারা যে রান করবে এরসঙ্গে প্রথম ২৫ ওভারের রান যোগ হয়ে বি দলের সামনে লক্ষ্য দাঁড়াবে। এখন যদি প্রথম ২৫ ওভারেই এ দল অলআউট হয় তবে বি দল রান তাড়ার জন্য মোট ৫০ ওভার পাবে, মাঝে ১৫ মিনিট বিরতিসহ।’ এই পদ্ধতিতে ওয়ানডে খেললে শিশিরের ভয় কীভাবে এড়ানো যায় এ ব্যাপারেও প্রমাণ রেখেছেন শচিন, ‘নিয়মিত ৫০ ওভারের ম্যাচে পরে ব্যাট করা দল বেশি সুবিধা পায়। নতুন পদ্ধতিতে দুই দলই দিনের অংশে এবং রাতের অংশে অর্ধেক-অর্ধেক খেলবে। তাই কোনো দলের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না। রাতের অংশে দুই দলের বোলারদেরই পিচ্ছিল বলে বল করতে হবে। এতে ম্যাচের প্রতিদ্ব›িদ্বতা দারুণ হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত