ফেরিতে মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের প্রতিবেদন

দায় এড়াতে পারেন না যুগ্ম সচিব

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০২:২৫ এএম

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডল দায় এড়াতে পারেন না বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বুধবার প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দাখিল করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।  এ ঘটনায় গত ২৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। সেখানে বলা হয়, তিতাসের মৃত্যুর ঘটনায় সরকারের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডল ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের কোনো দায় নেই। আবদুস সবুর মণ্ডল জানতেন না যে ফেরিঘাটে মুমূর্ষু রোগী রয়েছে। এ ঘটনায় কাঁঠালিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন, ঘাটের প্রান্তিক সহকারী খোকন মিয়া ও উচ্চমান সহকারী ফিরোজ আলমকে দায়ী করে ফেরিঘাটে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াসহ সাত দফা সুপারিশও করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনে ওই তিনজনসহ ইনল্যান্ড মাস্টার শামসুল ইসলামকেও দায়ী করা হয়েছে।

মাথায় গুরুতর আঘাত পাওয়া নড়াইলের কালিয়া পৌর এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স গত ২৫ জুলাই রাতে কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে ওঠে। সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির জন্য তিন ঘণ্টা অপেক্ষার পর রাত ১১টার দিকে ফেরিটি শিমুলিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করে। পথে ফেরিতেই মারা যায় তিতাস।

তিতাসের মৃত্যুর ঘটনায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই শুনানি নিয়ে হাইকোর্ট জনপ্রশাসন সচিবকে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়। পাশাপাশি এ ঘটনায় তার পরিবারকে কেন তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং চলার পথে মুমূর্ষু রোগী, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িকে কেন অগ্রাধিকার দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। পরে গত ২৪ অক্টোবর রিটকারী আইনজীবী জহির উদ্দিন লিমনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন রেখে এই সময়ের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনটি দাখিল করার নির্দেশ দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত