ন্যাশনাল ব্যাংকের অর্থ আত্মসাৎ

চীনা নাগরিকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০২:৪৮ এএম

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ২ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করার অভিযোগে হওয়া মামলায় চীনের এক নাগরিকসহ পাঁচজনকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তারা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার বিচারকাজ ছয় মাসের মধ্যে নিষ্পত্তির আদেশও দিয়েছে।

মামলা বাতিল চেয়ে ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে গতকাল বুধবার এ আদেশ দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিত আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনউদ্দিন মানিক জানান, সৃজনকৃত জাল দলিল দাখিল করে দি সিনফা নিটাস লিমিটেড নামীয় কোম্পানি খুলে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা দিয়ে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করেন আসামিরা। এ নিয়ে দুদক ২০১৭ সালের ১৭ জুন মতিঝিল থানায় ব্যাংকটির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, দি সিনফা নিটাস লিমিটেডের চেয়ারম্যান ইয়াং ওয়াং চু, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খসরু আল রহমান, পরিচালক মনসুরুল হক ও গোলাম মোস্তফাকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে গত বছর ২৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত