জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০২:৫১ এএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। নৌবাহিনী ১২ জনকে জীবিত উদ্ধার করলেও এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সেন্টমার্টিনে গভীর সাগরে ভোরে জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামে একটি ফিশিং ট্রলার ২৪ জেলেসহ ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয় ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফের স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করে। পরে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় উদ্ধার কাজে যোগ দিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি আইএসপিআর। নিখোঁজ ৯ জেলের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান রাশেদুল আলম খান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত