বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭-২৮ ডিসেম্বর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৩:৩৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে ১৮ ও ১৯ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু উপাচার্য, রেজিস্ট্রার এবং ট্রেজারার না থাকার কারণে ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

জরুরি সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন ওই সময়সূচি নির্ধারণ করা হয়।

২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। যোগদান অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘প্রথম অগ্রাধিকার হচ্ছে স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করে সুষ্ঠুভাবে এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।’ সেই অনুযায়ী বৃহস্পতিবার ভর্তি কমিটির সঙ্গে সভা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd অথবা  www.bu.ac.bd এ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত