১৭ অক্টোবর ছিল চারুশিল্পী শাহীনুর রহমানের জন্মদিন। এই দিন শিল্পী পঞ্চাশে পদার্পণ করেন। তার ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
একাধারে চারুশিল্পী, স্থাপত্যশিল্পী, নাট্যকর্মী, কবি, প্রকাশক ও লেখক শাহীন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পেইন্টিং ও ছাপচিত্র বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শুক্রবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে শাহীনুর রহমানের চিত্রকলা, ডিজাইন করা নাটকের সেট ও পোস্টার প্রদর্শনী করা হবে। প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত ডক্যুমেন্টরি। একই সঙ্গে তার প্রথম বই ‘দ্বৈতাদ্বৈত’-এর মোড়ক উন্মোচন করা হবে।
বিকেল ৩টায় শাহীনুর রহমানের সঙ্গে আড্ডা এবং সন্ধ্যা ৭টায় অনুস্বর নাট্যদলের ‘অনুদ্ধারণীয়’ নাটকের প্রদর্শনী রয়েছে।
