এসইসির বিরুদ্ধে মামলা এল আর গ্লোবালের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৩৬ পিএম

কারসাজিকারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া ও দুই মিউচুয়াল ফান্ড থেকে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করেছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) মামলায় বিবাদী করা হয়েছে। আগামী ১১ নভেম্বর উচ্চ আদালতে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

গত ৪ নভেম্বর হাইকোর্টে রিট মামলাটি দায়ের করে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এ মামলায় বিবাদী করা হয়েছে এসইসি, এসইসির নির্বাহী পরিচালক (সার্ভিল্যান্স), এসইসির নির্বাহী পরিচালক (মিউচুয়াল ফান্ড) এবং ডিবিএইচ প্রথম ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি)।

রিট আবেদনে ডিবিএইচ প্রথম, গ্রিন ডেল্টা, এল আর গ্লোবাল বাংলাদেশ ও এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড নিয়ে কারসাজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিবাদীদের বেআইনি কার্যক্রম চালানো এবং কারসাজি ঠেকাতে এসইসির ব্যর্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গ্রিন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অপসারণ কিংবা বাদ না দিতে বিজিআইসির প্রতি এসইসির নির্দেশনা প্রদানের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদুর রউফ বলেন, মিউচুয়াল ফান্ডের কারসাজি বিষয়ে এল আর গ্লোবাল একটি চিঠি দিয়েছিল, যা এসইসি এখনো ডিসপোজাল করেনি। এসইসি কেন অ্যাকশন নিবে না, তা নিয়ে চ্যালেঞ্জ করেছি।

এছাড়া কোনো কারণ ছাড়াই এল আর গ্লোবালকে দুটি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এসইসি। এটাকেও আমরা চ্যালেঞ্জ জানিয়েছি। আগামী ১১ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে বলে আশা করছি।

প্রসঙ্গত, গত আগস্টে এল আর গ্লোবাল পরিচালিত বিভিন্ন মিউচয়ুাল ফান্ডের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালে উন্নীত করা হয়। এরপর গত সেপ্টেম্বর মাসে ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তর চেয়ে ৭৮ শতাংশ ইউনিটধারী ট্রাস্টিকে সভা আহ্বান করতে চিঠি দেয়। এ সময় এল আর গ্লোবাল কয়েকটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিরুদ্ধে ডিবিএইচ মিউচুয়াল ফান্ড নিয়ে কারসাজির অভিযোগ তুলে এসইসিকে তদন্তের আহ্বান জানিয়ে চিঠি দেয়। কারসাজির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের উচ্চমূল্য ধরে রাখার অভিযোগও করে এল আর গ্লোবাল।

পরবর্তীতে গত ২৮ অক্টোবর ডিবিএইচ প্রথম ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাসহ দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারী ট্রাস্টি বিজিআইসিকে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের চিঠি দেয়। ইউনিটধারীরা সম্পদ ব্যবস্থাপক হিসেবে এল আর গ্লোবালকে পরিবর্তন ও নতুন সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগে আলাদাভাবে চিঠি দেয় ট্রাস্টিকে।

ইউনিটধারীরা জানান, মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩১ (খ) ধারা অনুযায়ী দুই-তৃতীয়াংশ ইউনিটধারী চাইলে কোনো কারণ ছাড়াই সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করতে পারে ট্রাস্টি।

গত ৪ নভেম্বর দায়ের করা রিটের আবদনে এল আর গ্লোবাল জানায়, গত ১৪ অক্টোবর মিউচুয়াল ফান্ডে কারসাজি বিষয়ে রিটকারী এসইসিতে চিঠি দেয়। কিন্তু বিবাদীরা তথ্য পাওয়ার পরও কোনো ব্যবস্থা না নিয়ে অলস সময় পার করেছেন, যা বিনিয়োগকারীদের স্বার্থ পরিপন্থি। যদিও বাজারে সমঅধিকার নিশ্চিত করা এসইসির দায়িত্ব। এসইসির উচিত ছিল দ্রুত কারসাজিতে জড়িত অসাধু লোকদের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এসইসি বিবাদীর চিঠি আমলে নেয়নি। কারসাজিতে জড়িত অসাধু সিন্ডিকেট, যারা সিকিউরিটিজ আইনে নিষিদ্ধ কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া অবৈধ, অসৎ উদ্দেশ্য ও এখতিয়ারবহির্ভূত কর্মকা-।

রিট আবেদনে এল আর গ্লোবাল আরও জানায়, কোনো কারণ ছাড়াই ট্রাস্টি গ্রিন ডেল্টা ও ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিয়োগ বাতিল করতে পারে না। ট্রাস্টির এ ধরনের কার্যক্রম অসৎ উদ্দেশ্য ও এখতিয়ারবহির্ভূত। এমন পরিস্থিতিতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে ট্রাস্টিকে এসইসির নির্দেশনা ইস্যু করা জরুরি। তাই কোনো কারণ ছাড়া সম্পদ ব্যবস্থাপক হিসেবে এল আর গ্লোবালের নিয়োগ বাতিল ও মিউচুয়াল ফান্ডের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি কেন বেআইনি ও এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও জানিয়েছেন রিটকারী।

মূলত মিউচুয়াল ফান্ডের তহবিল পরিচালনায় এল আর গ্লোবালের প্রতি আস্থাহীনতার কারণে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান ইউনিটধারীরা। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে নিজেদের পরিচালিত বিভিন্ন ফান্ড থেকে এল আর গ্লোবাল ৫০ কোটি টাকা বিনিয়োগ করে। ওই নিউজ পোর্টালের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সাড়ে ১২ হাজার টাকায় কেনা হয়। যদিও এ বিনিয়োগে স্থগিতাদেশ দিয়েছে এসইসি। এর আগে মিউচুয়াল ফান্ডের তহবিল কয়েকটি অতালিকাভুক্ত কোম্পানিতে বেআইনি ও বিধিবহির্ভূতভাবে ৯৫ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগের দায়ে এল আর গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল এসইসি।

এল আর গ্লোবাল পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, সেসব ফান্ডের আকার প্রায় ৮৮০ কোটি টাকা। তবে ফান্ডগুলোর সম্মিলিত সম্পদমূল্য প্রায় হাজার কোটি টাকা বলে এল আর গ্লোবালের দাবি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত