এ ক ঝ ল কে

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ নিয়ে নাটক

গত বছর ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তবে তিনি চলে গেলেও নিজের সৃষ্টির মাধ্যমে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। রুপালি গিটারের সুরে সুরে ভক্ত ও প্রিয়জনরা স্মরণ করবেন তাকে। তার চলে যাওয়ার পর ভক্ত ও তার কাছের মানুষরা নানাভাবে তাকে স্মরণ করছেন। গিটারের এ লিজেন্ডকে উৎসর্গ করে তার নামে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বসেছে রুপালি গিটার। এবার আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তার গাওয়া জনপ্রিয় গান ‘সেই তুমি’কে ভিত্তি করে নির্মিত হলো নাটক। ইসতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তারেক রহমান। গানের শিরোনামেই নাটকটির নামকরণ করা হয়েছে বলে জানালেন পরিচালক। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ভিট চ্যানেল আই টপ মডেল সুমাইয়া মিথিলা, সারিকা সাবা, মিলি বাসার ও রিকসহ অনেকই। শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

তোপের মুখে স্বরা

গত বছর বিতর্কিত হয়েছিলেন একটি সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য। এবার মাত্র চার বছরের এক শিশুশিল্পীকে নিয়ে বাজে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বলিউডের নায়িকা স্বরা ভাস্কর। একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে সেই শিশুর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করছিলেন তিনি। ‘সন অব আবিশ’ নামের ওই চ্যাট শোয়ে স্বরার সঙ্গে ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান কুনাল কামরা। স্বরা এই অনুষ্ঠানে বলেন, ‘আমাকে আন্টি বলে ডেকেছিল শিশুটি। আমার ভীষণ বিরক্ত লেগেছিল। আমার মনে হয়েছে শিশুদের মধ্যে শয়তান থাকে।’ একটা ছোট্ট শিশুকে নিয়ে এমন ভাষায় কথা বলার জন্য ভীষণ চটেছেন দর্শকরা। এমনকি টুইটারে স্বরা আন্টি নামে হ্যাশট্যাগও তৈরি হয়েছে। শিশু নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বরা ভাস্করকে নিন্দা জানিয়েছে। একজন লিখেছেন, স্বরার শব্দচয়ন নিন্দনীয়। আরেকজন লিখেছেন, স্বরা সত্যিই নির্লজ্জ। তাই এক চার বছরের শিশুর উদ্দেশে এমন অশ্রাব্য মন্তব্য করেছেন। তবে স্বরা এক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, তিনি ওই শিশুকে সরাসরি কোনো গালাগাল দেননি। এ অভিনেত্রী শেষ অভিনয় করেছেন ‘বীর দি ওয়েডিং’ সিনেমায়। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমার একটি দৃশ্যের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ মুভিটিতে স্বরা ছাড়াও ছিলেন কারিনা কাপুর, সোনম কাপুর।

শ্যুটিং থেকে সরানো হলো জোলিকে

ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়ের্তে ভেন্তুরায় সহশিল্পীদের নিয়ে ‘দ্য ইটার্নালস’ মুভির শ্যুটিং করছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানেই ঘটে এক বিপত্তি। শ্যুটিংয়ের কাজ চলাকালে মুভিটির সেটে পাওয়া গেছে একটি বোমা। দ্য ইন্ডিপেনডেন্টের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত ৫ নভেম্বর এ ঘটনা ঘটে। এরপরই সঙ্গে সঙ্গে মুভির কলাকুশলীদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে ডেকে আনা হয়েছিল বিশেষজ্ঞদেরও। সেটটির একটি সূত্র জানিয়েছে, ‘ঘটনাটি খুব ভয়াবহ ছিল, বোমাটি কয়েক দশক ধরে সেখানে রয়েছে বলে জানা গেছে। কিন্তু ভুলবশত যদি সেটি কেউ ছুঁয়ে ফেলত তাহলে কী ঘটত কে জানে।’ বোমাটি কোথা থেকে এসেছে হয়েছে তা এখনো অজানা। তবে দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে।

বাংলাদেশের সিনেমা দেখবেন মনীষা

ওমানে বসতে যাচ্ছে ‘১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসব’। আগামী বছর ২৪ থেকে ২৯ মার্চ এ চলচ্চিত্র উৎসব চলবে। সেখানে অতিথি হিসেবে রং ছড়াবেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। জানা গেছে, ওমানের মাসকট চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে পারে মনীষারও একটি সিনেমা। তবে সেখানে তিনি অতিথি হিসেবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আর বিশ্বের নানা দেশের সিনেমার পাশাপাশি দেখবেন উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের পাঁচটি সিনেমাও। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসব’- এ অংশ নেবে বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র। সেগুলো হলোÑ ২০১৯ সালে মুক্তি পাওয়া তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’, প্রদীপ ঘোষ পরিচালিত ‘শাটল ট্রেন’, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ এবং ‘ইতি, তোমারই ঢাকা’। বাংলাদেশের এই পাঁচ চলচ্চিত্র ছাড়াও ১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ১১৫টি চলচ্চিত্র অংশ নেবে বলে জানা গেছে। উৎসবে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপানি তারকা কিতারো এবং ওমানের নির্মাতা ঘাসন মাসউদ। ১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবের আয়োজক ওমান ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটি।

দেশ রূপান্তরের সুদীপ্ত শ্রেষ্ঠ কাহিনীকার

একসঙ্গে দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৭ ও ’১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ২৮টি বিভাগে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জান্নাত’ সিনেমার জন্য সুদীপ্ত সাঈদ খান পাচ্ছেন শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার। সুদীপ্ত পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন বিভাগে কাজ করছেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে সুদীপ্ত বলেন, ‘এ পুরস্কার প্রাপ্তি তো অবশ্যই আনন্দের। প্রথমবার সিনেমার জন্য কাহিনী লিখেছি, প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব, ভাবিনি। এ পুরস্কার প্রাপ্তি আমার কর্মযাত্রায় অবশ্যই অনুপ্রেরণা জোগাবে।’ সুদীপ্ত সাইদ খানের লেখালেখির শুরু ১৯৯৫ সালে। শুরুতে ছড়া লিখলেও পরে কবিতা লেখা শুরু করেন। ২০০৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই। এরপর ২০০৯ সালে ‘লোক’ ও ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’ নামে দুটি লিটলম্যাগের নির্বাহী সম্পাদক হিসেবে টানা দুই বছর কাজ করেন। পরে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকা, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিনসহ অনলাইন পোর্টালে কাজ করেছেন সুদীপ্ত। কলকাতার বেশকিছু পত্রিকাতেও লিখেছেন। ২০১১ সালে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের তৃতীয় ব্যাচে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ২০১৬ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মাতাল আত্মপাঠ’।

দিশা ফের সালমানের নায়িকা

সালমান খানের তরফ থেকে তার ভক্তদের জন্য শিগগিরই আসতে চলেছে উপহার। তার পরবর্তী সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’তে দেখা যাবে তাকে। ‘ভারত’-এর পর এ সিনেমায় দ্বিতীয়বার সালমানের সঙ্গে দেখা যাবে দিশা পটানিকে। মুভিতে আন্ডারকাভার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সালমান। হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে দিশা জানিয়েছেন, সালমানের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত। সালমান খুবই নম্র ও দয়ালু মানুষ। শুধু তাই নয়, দিশা তাকে সান্তা ক্লজ বলেও অভিহিত করেন। সাক্ষাৎকারে দিশা বলেন, ‘সালমানের সঙ্গে দ্বিতীয়বার একেবারেই আলাদাভাবে দেখা যাবে আমাকে, সেটা নিয়েই আমি আরও বেশি উৎসাহিত। কিছু কিছু ক্ষেত্রে তিনি একেবারে সান্তা ক্লজের মতো। প্রতি বছর ভক্তদের জন্য তিনি অনেক অনেক খুশি নিয়ে আসেন। আমি এ সিনেমায় অভিনয় করতে পেরে খুবই খুশি। এমন একটা প্রাপ্তি আমার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত