ক্র্যাবের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

পত্রিকা প্রকাশিত হয় ৫ হাজার দেখায় দেড় লাখ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০২:১৭ এএম

পত্রিকা প্রকাশিত হয় পাঁচ হাজার, আর সার্কুলেশন দেখায় দেড় লাখ। অথচ তারা ডিএফপি থেকে রেট কার্ড নেয়। এসব বন্ধ করে নজরদারি ও শৃঙ্খলায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘অনেকেই ওয়েজবোর্ড বাস্তবায়ন করে না। ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকরা উপকৃত

হতো। মন্ত্রী হয়ে আমি দেখেছি এমন পত্রিকাও আছে যার ঢাকায় সার্কুলেশন এক হাজার। সারা দেশে পাঁচ হাজার অথচ সুবিধা নেওয়ার জন্য ঘোষণা দেয় দেড় লাখ।’ 

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকাগুলো আমাদের কাছে সার্কুলেশনের এক হিসাব দেয়, ট্যাক্স অফিসে আরেক হিসাব দেয়। সরকারি দুই দপ্তরের দুই হিসাব চলবে না। তাদের নজরদারি ও শৃঙ্খলায় আনা হবে।’

তিনি বলেন, ‘একসময় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিত, যা শুধু বাংলাদেশেই প্রচার হতো। এটা সম্পূর্ণ অবৈধ। এ ছাড়াও কেবল অপারেটররা বাংলাদেশি চ্যানেলগুলোকে সিরিয়ালে দূরে রাখত। আমরা ১-৪ এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলগুলো ও পরবর্তী সময়ে বেসরকারি চ্যানেলের সিরিয়াল করিয়েছি। তাদের যেভাবে শৃঙ্খলায় আনা হয়েছে, একইভাবে পত্রিকাগুলোকেও শৃঙ্খলায় আনা হবে।’

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। এই সময় স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সহ-সভাপতি মিজান মালিক, সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ দুলাল, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্র্যাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফসহ অন্যরা। অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন ম-ল, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম তসলিম উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সাইফ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত