কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০২:৫২ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘স্বেচ্ছায়’ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। তিনি বলেন, প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ হতে হবে। এ জন্য মিয়ানমারকে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন  করেন। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এলিস ওয়েলস আরও বলেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক সম্মেলনে এই বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থানের কারণে এখানকার স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর যে জাতিগত নিধনসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এসব বিষয় নিয়েও চিন্তা করা দরকার। আমরা আরও চিন্তা করছি, রোহিঙ্গা সমস্যার যাতে দ্রুত ও টেকসই সমাধান হয় সেজন্য। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে। বৈঠকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব আলম তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত