নরসিংদীতে গৌবিন্দ্র চন্দ্র দাস (১৮) নামে ট্রেনে কাটা এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুরানপাড়া রেলব্রিজের পূর্ব পাশ থেকে তার তিন খণ্ড লাশ উদ্ধার করা হয়। নিহত গৌবিন্দ্র সোনারগাঁয়ের বারদী এলাকার বলাই চন্দ্র দাসের ছেলে। তিনি বারদী বাজারে স্বর্ণাকারের কাজ করতেন। গত বৃহস্পতিবার নরসিংদীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ বলেন, শুক্রবার সকালে পুরানপাড়া রেলব্রিজের পূর্ব পাশের রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে একটি বিকল মোবাইল ফোন পাওয়া যায়। এর সিম দিয়ে একাধিক নাম্বারে কল করে তার পরিচয় এবং স্বজনদের খোঁজ পাওয়া যায়। অন্যদিকে পাবনার ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত (৩২) তরুণের মরদেহ। মৃত ব্যক্তির পরনে জিন্সের হাফপ্যান্ট ও খয়েরি রঙের শার্ট ছিল।
স্থানীয় দোকানি রানা জানান, সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। পরে তিনি পুলিশকে খবর দেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম জানান, আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদের যাত্রী ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটতে পারে।
