রোহিত যা পারে, কোহলিও তা পারে না: শেওয়াগ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১১:৩১ পিএম

রাজকোটে দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশকে ইতিহাস গড়তে দেননি ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা। নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। দাপুটে ব্যাটিংয়ে রোহিত একাই হারিয়ে দেন টাইগাররা।

রোহিতের ব্যাটিংয়ে পঞ্চমুখ দেশটির সাবেক ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ। বললেন, ‘রোহিত যা পারে, কোহলিও তা পারে না।’

রোহিত শর্মা এদিন ৪৩ বলে খেলেন ৮৫ রানের ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। ৬টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন। তার ব্যাটে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ১৫.৪ ওভারেই টপকে যায় ভারত।

রোহিতের এই খেলার প্রশংসা করতে গিয়ে ক্রিকবাজকে শেওয়াগ এভাবে বললেন, ‘যখন শচীন টেন্ডুলকার খেলতেন, তখন আমাদের বলতেন, যা আমি পারি তা তোমরাও পারবে। কিন্তু উনি নিজেই বুঝতে পারতেন না যে, তিনি যেটা করতে পারতেন, অন্যরা কেউ তা পারে না।’

শেওয়াগ বলে যান, ‘রোহিত শর্মাও যা করতে পারে, বিরাট কোহলিও হয়তো তা পারেন না। একটা ওভারে ৩-৪ টা ছক্কা, ৮০-৯০ রান করা, তাও আবার ৪৫ বলে। কোহলিকেও এমনভাবে খেলতে দেখিনি বহুদিন।’

বিরাট কোহলি এই সিরিজে বিশ্রামে। তাই রোহিতই নেতৃত্ব দিচ্ছেন ভারতকে। রাজকোটে জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা এনেছে ভারত।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। রবিবার নাগপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত