গতকাল থেকে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে পঞ্চম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন জুনিয়র পুরুষ দলগত কাতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ দল। তবে অন্যান্য ইভেন্টে সেরা হতে পারেননি স্বাগতিক কারাতেকারা। ভারতের কারাতেকাদের আধিপত্য ছিল প্রথম দিন।
বাংলাদেশকে দিনের একমাত্র স্বর্ণপদকটি এনে দেন জুনিয়র পুরুষ কাতাতে দলের সদস্য বিজয়, প্রশান্ত এবং রাব্বি। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ভারতের আজাঙ্কা, বিধান ও ইয়াস বানসাল। ক্যাডেট পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ভারতের অমিয়া সুন্দর। তিনি হারিয়েছেন বাংলাদেশের তায়েম হাওলাদারকে। অনূর্ধ্ব-২১ পুরুষ ব্যক্তিগত কাতায় স্বর্ণপদক জিতেছেন ভারতের বিন্দিয়া নাভেন। এই ইভেন্টে রৌপ্য বাংলাদেশের সাহেদুল ইসলামের। জুনিয়র পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণ পেয়েছেন শ্রীলঙ্কার ইকানায়েক এবং সিলভার পেয়েছেন বাংলাদেশ দলের নায়িম সৌভন। ক্যাডেট মহিলা ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণপদক জেতেন শ্রীলঙ্কার সামারাকোন। ক্যাডেট ও জুনিয়র মহিলা টিম কাতা ইভেন্টে স্বর্ণ পেয়েছে ভারত। অনূর্ধ্ব-২১ মহিলা ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণ পেয়েছেন ভারতের তানওয়ার। জুনিয়র মহিলা ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণ জেতেন শ্রীলঙ্কার থারুসি। এই আসরে বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের ২৪৫ জন কারাতেকা অংশ নিচ্ছেন।
