ভারতের গান্ধী পরিবারের সদস্যদের দেওয়া বিশেষ নিরাপত্তা সুবিধা এসপিজি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে গান্ধী পরিবারের সদস্যরা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা সুবিধা পাবেন।
তবে গান্ধী পরিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাতিলের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থার অধীনে গান্ধী পরিবারের প্রত্যেক সদস্যকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১০০ সদস্য পাহারা দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমন সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়ায় এক কংগ্রেস নেতা বলেন, ‘তারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর জীবন নিয়ে খেলছে। কিসের ভিত্তিতে তারা এমনটা করেছে?’
১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পর থেকে ভারতের প্রধানমন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত করা হয় এসপিজি বাহিনীকে। আর ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর এসপিজি আইন করে গান্ধী পরিবারের সবাইকে এসপিজি ক্যাটাগরির নিরাপত্তাসুবিধা দেওয়া হয়।
