দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান নিয়ে ‘কাউকে ছাড় না দেওয়া হবে না’ বলে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তার কার্যকর বাস্তবায়ন অব্যাহত রাখার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার টিআইবি সদস্যদের বার্ষিক সভা শেষে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
সভায় অনিয়ম, দুর্নীতি ও সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন, সব নাগরিকের জন্য মানবাধিকার নিশ্চিত, সড়ক পরিবহন আইন- ২০১৮’র কঠোর বাস্তবায়ন এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান সংস্থার সদস্যরা।
সভার ঘোষণাপত্রে দুর্নীতি দমন ও প্রতিরোধে কার্যকর দুর্নীতি দমন কমিশন, জাতীয় উন্নয়নে স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ, অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের অংশগ্রহণকারীদের নিরাপত্তাসহ উপযোগী পরিবেশ নিশ্চিতের তাগিদ জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সাধারণ পর্ষদে সদস্যদের নির্বাচিত প্রতিনিধি কাজী মোরতুজা আলী। টিআইবির সঙ্গে স্বেচ্ছাসেবার ভিত্তিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার ৫১ সদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০১৮-১৯ অর্থবছরে টিআইবি পরিচালিত বহুমুখী গবেষণা, অধিপরার্মশ ও প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক হিসাবের সর্বোচ্চ মানসম্পন্ন নিরীক্ষা প্রতিবেদনের ওপর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে টিআইবির কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর হবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
