জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে অর্ধশতক করা শামসুর রহমান শুভ পঞ্চম রাউন্ডে এসে দেখা পেয়েছেন সেঞ্চুরির। সিলেট বিভাগের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ঢাকা মেট্রোপলিটনের এই ব্যাটার।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারানো ঢাকা মেট্রোকে ভালো অবস্থানে নিয়ে যান শামসুর। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার রাকিন আহমেদের সঙ্গে গড়েন ৯৮ রানের জুটি।
দুই রানের জন্য অর্ধশতক করতে পারেননি রাকিন। ৯৬ বলে ৪৮ রান করে এনামুল হক জুনিয়রের শিকারে পরিণত হন তিনি।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন শামসুর। চতুর্থ উইকেটে আল-আমিনের (৬৯) সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।
১০২ বলে অর্ধশতক করা শামসুর সেঞ্চুরি পূর্ণ করেন ১৮০ বলে। এরমধ্যে ছিল এগারোটি চারের মার।
এর আগে চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অর্ধশতক হাঁকান শামসুর।
শামসুরের শতক, আর আল-আমিনের অর্ধশতকে প্রথম ইনিংসে সিলেটকে বড় টার্গেট ছুড়ে দিতে যাচ্ছে ঢাকা মেট্রো। ৬৯ ওভারে শেষে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৭।
