লিভারপুল-ম্যানসিটি লড়াই আজ

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:১০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করেছিল ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের ১১ ম্যাচ শেষে এগিয়ে লিভারপুল, ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। এমন অবস্থায় আজ অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে দুদল। জিতলে অলরেডরা এগিয়ে যাবে ৯ পয়েন্টে। অন্য দিকে পেপ গার্দিওলার ম্যানসিটি চাইবে জিতে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ১০টায়।

ফর্মের তুঙ্গে লিভারপুল। এখন পর্যন্ত জিতেছে ১০ ম্যাচ, ড্র ১ টি। অপরদিকে নরউইচ ও উলভসের সঙ্গে হেরে পিছিয়ে পড়েছে গার্দিওলার দল। ১১ ম্যাচে ২৫ গোল করেছে লিভারপুল। ম্যানসিটির গোল ৩৪ টি। তবে খেলা অ্যানফিল্ডে বলেই এগিয়ে থাকবে লিভারপুল। ২০১৭ সালের এপ্রিলের পর থেকে নিজ মাঠে লিগের কোনো ম্যাচ হারেনি লিভারপুল। সেবার ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। গত মৌসুমে লিভারপুলের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছিল গার্দিওলার দল। সেই ম্যাচে রিয়াদ মাহারেজ পেনাল্টি মিস না করলে জিততে পারত সিটিজেনরা। অ্যানফিল্ডে দলটি যখন ম্যানসিটি ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে। মে ২০০৩ সালের পর থেকে লিভারপুলের মাঠে জয় পায়নি সিটিজেনরা। ২২ ম্যাচের ১৫ টিতেই হেরেছে।

তবে লিগে এই দু’দলের সবশেষ ৫ দেখায় মাত্র ১ টিতে হেরেছে ম্যানসিটি। জিতেছে ২ টি, ড্র ২ টি। মজার ব্যাপার হলো, প্রিমিয়ার লিগে এই দু’দলের মধ্যে জয়-পরাজয় কিন্তু সমান। আগের ৩৪ ম্যাচের ৯টি করে ম্যাচে জিতেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বাকি ১৬ ম্যাচ ড্র। প্রিমিয়ার লিগে সবশেষ ৫০ ম্যাচে মাত্র একটিতে হেরেছে অলরেডরা। আর একমাত্র পরাজয়টি ম্যানসিটির কাছে। অ্যানফিল্ডে সবশেষ ৫ লিগ ম্যাচে গোল হজম করেছে ইয়ুর্গেন ক্লপের দল। তাই ডিফেন্স নিয়ে বাড়তি চিন্তা করতে হচ্ছে ক্লপকে।

এই ম্যাচে রেকর্ডের পাশাপাশি ইনজুরি ধাক্কাও সামলাতে হবে গার্দিওলাকে। গোলকিপার এডারসন থাকছেন না। তার পরিবর্তে গোলপোস্ট আগলাবেন ক্লদিও ব্রাভো। তবে এই চিলিয়ানের পারফরমেন্স তেমন ভালো নয়। সবশেষ ৪০ শটের মাত্র ১৯টি সেভ করেছেন। গোল হজম করেছেন ২১ টি।

চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। লিগে এটি তাদের টানা ষষ্ঠ জয়। ম্যাচের ৫২ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিক এবং ৭৯ মিনিটে টামি আব্রাহাম গোল করেন। তরুণ এক দল নামিয়েও দারুণ সাফল্য পেলেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত