শ্রমিক লীগে মন্টু ও খসরু নেতৃত্বে

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০৩:০১ এএম

শ্রমিক লীগের ভেতর থেকেই নেতৃত্ব বেছে নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সাবেক কমিটির কার্যকরী সভাপতি ফজলুল হক  মন্টুকে সভাপতি এবং গত কমিটির প্রচার সম্পাদক আজম খসরুকে করেছেন সাধারণ সম্পাদক। আর সংগঠনের কার্যকরী সভাপতি করেছেন মোল্লা আবুল কালাম আজাদকে। তিনি গত কমিটির সহসভাপতি ছিলেন।

এদিকে নতুন নেতৃত্ব নিয়ে সমালোচনা দেখা দিয়েছে সংগঠনের নেতাদের মধ্যে। বিশেষ করে সাধারণ সম্পাদক আজম খসরুকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ বিএনপি-জাতীয় পার্টি করে আওয়ামী লীগের রাজনীতিতে আসার।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত মঞ্চে শ্রমিক লীগের ১২ তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুন ও পায়রা উড়িয়ে। কাউকে কোনো পূর্বাভাস না দিয়ে উদ্বোধনী ভাষণ শেষে পছন্দের নেতার নাম সদ্য বিদায়ী কমিটির নেতাদের কাছে প্রস্তাব করে সম্মেলনস্থল থেকে বিদায় নেন তিনি। উদ্বোধনী কার্যক্রম শেষে দ্বিতীয় পর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় অধিবেশনে ৭ জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

১৯৬৯ সালের ১২ অক্টোবর দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন হয়। সম্মেলনে শুকুর মাহমুদ সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হন।

উদ্বোধনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, শ্রমিক শ্রেণির মানুষের কল্যাণে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ কাজ করবে। আমি আশা করি, আমার শ্রমিক লীগ উপযুক্তভাবে গড়ে উঠবে। শ্রমিক শ্রেণির মানুষের কল্যাণে কাজ করবে। তারা তা করে যাচ্ছে। আগামীতেও সম্মেলনের মাধ্যমে নতুন যে কমিটি আসবে, সে কমিটিও এই শ্রমিক শ্রেণির কল্যাণে কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত