পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এস এম হলে বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ সমাবেশ করেন। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানান, কলেজের এস এম হলে দীর্ঘদিন ধরে বহিরাগত সন্ত্রাসীরা জোর করে অনুপ্রবেশ করে মাদক সেবনসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। শনিবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা এস এম হলে প্রবেশ করে মাদক সেবন করতে গেলে হলের শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে হল থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সন্ধ্যা ৭ টার দিকে হলে প্রবেশ করে কয়েকটি রুমে ভাঙচুর করে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এর প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাত নয়টার দিকে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
