মারপিটের দৃশ্যে গুরুতর আঘাত পেলেন অক্ষয়

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০২:১৩ পিএম

‘সূর্যবংশী’ ছবিতে পরিচালক রোহিত শেঠির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। হাড় হিম করা স্ট্যান্ট-অ্যাকশন, রোমাঞ্চ, রোমান্স— কোনো কিছুরই কমতি নেই এই ছবিতে!

রোহিত ও অক্ষয়ের মতো দুই ডেয়ারডেভিল স্ট্যান্টম্যান যেখানে, সেখানে রোমাঞ্চকর দৃশ্য যে থাকবেই। এতেই ঘটেছে বিপত্তি। ‘সূর্যবংশী’র সেটে ভীষণ চোট পেয়েছেন বলিউড খিলাড়ি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি মুম্বাইয়ে ‘সূর্যবংশী’র জন্য মারপিটের শট দিচ্ছিলেন অক্ষয়। সেই দৃশ্যে বেশ কয়েকটা স্ট্যান্ট-অ্যাকশন রয়েছে। তা করতে গিয়েই বাম হাতে বেজায় চোট পেয়েছেন।

চিকিৎসককে দেখানোর পর ব্যান্ডেজ করা হয়েছে হাতে। তবে সেট ছেড়ে যাননি অভিনেতা। ব্যান্ডেজ বেঁধেই শুট শেষ করেন।

বিশেষ বাহিনীর পোশাকে এর আগেও দেখা গেছে অক্ষয় কুমারকে— কখনো দায়িত্বশীল পুলিশ, কখনো নৌবাহিনী চিফ অফিসার, আবার কখনো বা সিক্রেট এজেন্ট হিসেবে ধরা পড়েছেন পর্দায়। সেই তালিকায় যোগ হচ্ছে ‘সূর্যবংশী’।

এই ছবির ক্ষেত্রে দুটি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। রোহিতের নিজস্ব ঘরানার ছবি ও পুলিশি বেশে অক্ষয়ের পারফরম্যান্স। এই ছবি যে বক্স অফিসে কোটির ক্লাবে ঢুকবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

রোহিতের কপ ইউনিভার্সে ‘সূর্যবংশী’ চতুর্থ সংযোজন। এর আগে রণবীর সিং-এর সঙ্গে ‘সিম্বা’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘সিংগাম’ ও ‘সিংগাম রিটার্নস’ করেছেন। নতুন ছবিতে সন্ত্রাস দমন শাখার এক বড় কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। চরিত্রের নাম বীর সূর্যবংশী। মুক্তি পাচ্ছে সামনের মার্চে।

এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ‘নমস্তে লন্ডন’সহ একাধিক হিট সিনেমার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি সেট থেকে ক্যাটের সঙ্গে অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই নায়কের হাত চোট ধরা পড়ে।

অক্ষয়ের মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘হাউসফুল ফোর’ দারুণ ব্যবসা করছে। মুক্তির তালিকায় আছে লক্ষ্মীবম্ব, গুড নিউজ-সহ একাধিক ছবি। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে ‘বেল বটম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত